
কুষ্টিয়া সদর-৩ আসনের নির্বাচনী প্রচারণায় ভিন্নমাত্রা যোগ হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে ভাঙা কিন্তু মিষ্টি বাংলায় ভোট চাইছেন তাঁর চীনা স্ত্রী ওয়াং লিনা। ভিনদেশি বধুর এই ব্যতিক্রমী প্রচারণা এখন শহর ও গ্রামজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সালোয়ার কামিজ পরা, মাথায় হিজাব জড়ানো ওয়াং লিনাকে প্রথম দেখায় একজন বাঙালি গৃহবধূ বলেই মনে হয়। তবে তাঁর উপস্থিতি নীরব সমর্থনে সীমাবদ্ধ নয়। মাইক্রোফোন হাতে কিংবা নারী ভোটারদের কাছে গিয়ে সরাসরি ভোট চাইছেন তিনি। ভাঙা ভাঙা বাংলায় ‘ধানের শীষে ভোট দেন’-এই আহ্বান শুনে অনেক ভোটার বিস্মিত হচ্ছেন, আবার মুহূর্তেই সেটি রূপ নিচ্ছে কৌতূহল ও আনন্দে।
স্থানীয় নারীদের সঙ্গে সহজেই মিশে যাচ্ছেন ওয়াং লিনা। প্রচারণার সময় তিনি বলেন, আমার হাজব্যান্ড বুয়েট ইঞ্জিনিয়ার, ভালো মানুষ। ইনশাল্লাহ ভালো দিন আসছে। সবাই আমার হাজব্যান্ড জাকির হোসেন সরকারকে ধানের শীষে ভোট দেন। তাঁর কথা শেষ হতেই উপস্থিত নারীদের মধ্যে উল্লাস দেখা যায়। কেউ সেলফি তুলছেন, কেউবা হাত মিলিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকে তাঁকে ‘বিদেশি ভাবি’ বলে সম্বোধন করছেন।