কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মাদ্রাসা মোড় থেকে কিশোরীনগরগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থীরা হলেন, দৌলতখালী চৌহদ্দি পাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী (১৪) এবং আমিনুল ইসলামের ছেলে সাহাবী (১৪)। তারা দুজনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গুরুতর আহত শিক্ষার্থী হলেন, একই এলাকার জিয়ার আলীর ছেলে সাইফ আলী (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে দৌলতখালী গ্রামের হাজীপাড়া এলাকায় মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রহমত আলী ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তাদের আরেক বন্ধু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]